ইন্টার জুভেন্টাসের বিদায়, চমক জারি গ্লিমটের

ইন্টার জুভেন্টাসের বিদায়, চমক জারি গ্লিমটের

ফন্ট সাইজ:

লীগ পর্ব থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ৮টি দল। বাকি ৮টি স্থানের জন্য সবার চোখ ছিল প্লে-অফ লড়াইয়ে। নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে সেই প্লে-অফ থেকে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর পূর্ণাঙ্গ তালিকা। গতবারের রানার্সআপ ইন্টার মিলান ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিদায়ে ইউরোপসেরার মঞ্চে এখন বইছে নতুনের হাওয়া। প্লে-অফে সবচেয়ে বড় চমকের নাম নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট। গতবারের রানার্সআপ ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। একইভাবে চমক দেখিয়েছে আতালান্তাও। প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে হারা দলটি বুধবার রাতে ফিরতি লেগে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ায়। ৪-১ গোলের জয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে নিশ্চিত করে পরের রাউন্ড। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। প্রথম লেগে ৫-২ গোলে জিতে কাজটা সহজ করে রাখে গালাতাসারাই।

বুধবার রাতে ফিরতি লেগে নির্ধারিত সময়ে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় জুভেন্টাস। কিন্তু অতিরিক্ত সময়ে দুই গোল করে ৩-২ ব্যবধানে ম্যাচ শেষ করে গালাতাসারাই। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট পায় তুরস্কের ক্লাবটি। এছাড়া রিয়াল মাদ্রিদ, পিএসজি, আটলেটিকো মাদ্রিদ এবং নিউক্যাসল ইউনাইটেড সহজেই প্লে-অফের বাধা পেরোয়। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের হাউস অব ইউরোপিয়ান ফুটবল ভবনে শুরু হবে অনুষ্ঠান। র‌্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে জোড়ায় ভাগ করায় প্রতিটি দলের সম্ভাব্য দুটি করে প্রতিপক্ষ রয়েছে। নিয়ম অনুযায়ী, সরাসরি লীগ পর্ব থেকে ওঠা দলগুলো শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে।

আজকের ড্রয়ে আর্সেনাল বা বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হতে পারে আতালান্তা বা বায়ার লেভারকুসেন। বার্সেলোনা বা চেলসি মুখোমুখি হতে পারে পিএসজি বা নিউক্যাসলের। লিভারপুল ও টটেনহামের সামনে আসতে পারে আটলেটিকো মাদ্রিদ বা গালাতাসারাই। আর ম্যানচেস্টার সিটি বা স্পোর্টিং লিসবনের লড়াই হতে পারে বোদো/গ্লিমট কিংবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আগামী ১০ ও ১১ মার্চ শুরু হবে শেষ ষোলোর প্রথম লেগ। কোয়ার্টার ফাইনাল এপ্রিলে এবং সেমিফাইনাল হবে মে মাসে। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো
সরাসরি ওঠা ৮ দল: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।
প্লে-অফ থেকে ৮ দল: আতালান্তা, আটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, নিউক্যাসল, গালাতাসারাই, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন