সেমিফাইনালের টিকিট পেতে কঠিন সমীকরণে পাকিস্তান

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিদায়ে সেমিফাইনালের লড়াই এখন জমে উঠেছে। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় হারে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লঙ্কানরা। এই ফলে গ্রুপ-২ থেকে শেষ চারে ওঠার সমীকরণ পাকিস্তানের জন্য আরও জটিল হয়ে পড়েছে। গ্রুপ-২ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

দ্বিতীয় স্পটটি পাওয়ার লড়াইয়ে টিকে আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের সুবাদে নেট রানরেটে অনেকটা এগিয়ে থেকে কিউইরা এখন সুবিধাজনক অবস্থানে। আজ সুপার সিক্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে জশ বাটলারদের হারাতে পারলে কোনো ‘যদি-কিন্তু’ ছাড়াই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখবে কিউইরা। এমনকি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও কপাল পুড়বে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পাবে নিউজিল্যান্ড।

পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে সালমান আলি আগাদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের জয়ের দিকে। আজ যদি ইংলিশরা নিউজিল্যান্ডকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ৬। অন্যদিকে কিউইদের পয়েন্ট ৩-এই আটকে থাকবে। এমন সমীকরণ মাথায় রেখে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচে জিতলে পাকিস্তানের পয়েন্টও হবে নিউজিল্যান্ডের সমান ৩। তবে কিউইদের নেট রানরেট অনেক বেশি হওয়ায় লঙ্কানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে সালমান আলি আগাদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন