উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। এমন পরিস্থিতিতে রোববার (১৯ জুলাই) বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। খবর আল জাজিরা অনলাইনের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হচ্ছে।
এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা গত সপ্তাহে ভেঙে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই হামলার মাত্রা বাড়িয়েছে। এতে দুই দেশের মধ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে।
সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টানা অষ্টম রাতের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে।
দেশটির দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন করতে মার্কিন বাহিনী এখন ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে, সেতু, রেললাইন, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র, রাস্তা।
এমন প্রেক্ষাপটে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও বেসামরিক অবকাঠামোতে হামলা জোরালো করেছে। বিশেষ করে, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হামলা চালাচ্ছে ইরান।
