জামায়াতের আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমরা নতুন বাংলাদেশ চাই- নতুন শাসনব্যবস্থা গড়তে চাই। দেশের ৭০ ভাগ ভোটার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও মেকানিজম করে সরকার গঠন করে বিএনপি এখন জনগণের রায় বাস্তবায়ন করতে গড়িমসি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকুন। গতকাল বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।
বরিশাল ঈদগা ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। জামায়াত আমীর বলেন, সংবিধানের কোথায় আছে সংবিধান সংশোধনের জন্য কমিটি করতে হবে। আমাদের প্রতিবাদের মধ্যেই তারা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছেন। আমাদের তীব্র প্রতিবাদের মুখে শোনা যাচ্ছে এই কমিটির নাম এখন পরিবর্তন হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন সংসদের কথা আর সংসদে নাই। সমস্ত বিশ্বে চলে গেছে। সবাই জানতে পেরেছে তারা অহরহ মিথ্যা বলছে।
বিএনপি জাতির সঙ্গে বেঈমানি করেছে উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন ফিরতে না পারে- নতুন সংবিধানের জন্য ১৩৩টি অনুচ্ছেদ তৈরি হয়েছিল। আজ বিএনপি সেগুলো বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি বলেন গণভোট যদি ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। তিনি বলেন আমরা চেয়েছিলাম একত্রে দেশ গঠন গঠন করবো। কিন্তু আমাদের যেভাবে ধাক্কাইয়া সরিয়ে দিচ্ছেন তাতে দেশ ছাড়খার হয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ-আন্দোলন এবং গণ-অভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো।
তিনি বলেন, ‘আমরা এখনো হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেইনি। কিন্তু যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি দেয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। অলি আহমেদ অভিযোগ করেন, ভারতে প্রতিনিয়ত মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার করছে। বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছে তারা। আমরা কিন্তু এতে কান দেবো না। আমরা আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের ওপর ক্ষতি করা আমরা কখনো বরদাশত করবো না।
আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা সরকারের জন্যই ক্ষতিকর হবে। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বরিশাল বিভাগের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।
