ফিফা বিশ্বকাপের মেগা ফাইনাল নিয়ে মেতেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার-ক্রিকেটাররাও। নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছেন। মুখোমুখি ১৪ লড়াইয়ে দুই দলই ৬টি করে জয় ও ২টি ড্রয়ে অদ্ভুত এক সমতায় দাঁড়িয়ে। এই সমীকরণ নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘না, পরিসংখ্যান কোনো বড় বিষয় বা ফ্যাক্ট নয়। বিশ্বকাপের শুরু থেকেই স্পেনকে নিয়ে সবার বড় প্রত্যাশা ছিল। প্রথম ম্যাচের পর কিছুটা সংশয় তৈরি হলেও তারা ম্যাচ বাই ম্যাচ নিজেদের প্রমাণ করেছে। তাদের মিডফিল্ড ও দুই উইং, বিশেষ করে লামিন ইয়ামাল ও মিকেল ওয়াইরজাবাল খেলছে। তবে আর্জেন্টিনা যেভাবে ফাইনালে এসেছে, তারা যেকোনো মুহূর্তে পাশা উল্টে দিতে পারে। বিশেষ করে মেসি যদি তার সেরা ফর্মে থাকেন, তবে অসম্ভব বলতে কিছুই থাকবে না। কারণ গোটা বিশ্বকাপে প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার এই কামব্যাক আমার কাছে পুরোপুরি অলৌকিক মনে হয়েছে।’ বিপ্লব বলেন, ‘মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তার সঙ্গে কারও তুলনা চলে না।’
‘চমক হবে আর্জেন্টিনার কামব্যাক’- মামুনুল ইসলাম
জাতীয় দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম বলেন, ফাইনাল ম্যাচ আসলে ফিফটি-ফিফটি । আগে থেকে বলা যায় না যে আসলে কী হতে পারে। দু’টি দল সম্পূর্ণ দুই ধরনের ফুটবল খেলে। স্পেন তো আসলে বল কন্ট্রোল বা ম্যাচ নিয়ন্ত্রণ ছাড়া খেলতে পারে না। তবে স্পেনের ক্ষেত্রে একটা বিষয় হলো, তারা কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচে কামব্যাক করতে পারেনি। তারা যদি কোনো ম্যাচে ১-১ বা ২-১ ব্যবধানে একবার পিছিয়ে পড়ে, এরপর তাদের আর কামব্যাক করার নজির নেই। কিন্তু আর্জেন্টিনার বড় চমকের নাম কামব্যাক।’
‘আর্জেন্টিনা এগিয়ে’- তপু বর্মণ
ফাইনাল নিয়ে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘ফাইনাল তো আসলে ফাইনালই। তবে আমার কাছে মনে হয়, আপনি যদি অভিজ্ঞতা এবং ফাইনাল খেলার সক্ষমতার দিকটা দেখেন, তবে ডেফিনেটলি আর্জেন্টিনা এগিয়ে থাকবে। ম্যাচটি মূলত ডিসাইড হবে তাদের মাধ্যমে যারা মাঠে সুযোগ তৈরি করতে পারবে তারাই জিতবে। তবে আমি বিশ্বাস করি আর্জেন্টিনার জেতার পসিবিলিটি বেশি। বিশেষ করে ‘মেসি ম্যাজিক’ যা আমরা বারবার দেখেছি। তার সঙ্গে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং পারেদেসরা গত তিন ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছে, তা গুরুত্বপূর্ণ। মেসি তো এই বিশ্বকাপে ২০২২ সালের চেয়েও ভালো খেলছেন।’
‘ফাইনালেও মেসি ম্যাজিক ফ্যাক্টর হবে’- ওয়ালী ফয়সাল
ফাইনাল নিয়ে সাবেক ডিফেন্ডার ওয়ালী ফয়সাল বলেন, ‘এইটাই তো মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। সে তার পরিচয়টা ভালোভাবেই বিশ্বের কাছে দিয়ে যাবে, আমার মনে হয়। আমরা যেমন নিজেরা বড় হয়ে গেছি মনে করি, এইটাই মনে হয় শেষ; কিন্তু ও মনে করে যে এটা শেষ নয়, এইটাই ওর শুরু। সো, মেসির ওপরেই নির্ভর করবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনালটা কী করতে পারে। কারণ এই দলটি নিয়ে রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত কেউ বলতে পারবে না কী হয়, যা তারা প্রায় প্রতিটি ম্যাচেই দেখিয়েছে।’
‘মেসিকে পরের বিশ্বকাপে দেখলেও অবাক হবো না’- হাবিবুল বাশার
৩৯ বছর বয়সী মহাতারকার পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। মানে মেসি থাকলে মাঠে খেলা দেখতে ভালো লাগে, একটা মজা পাওয়া যায়। ফুটবল ফ্যানদের জন্য স্রেফ চোখের দেখার জন্য হলেও এটা বেশ স্পেশাল। আর ও যেভাবে ফিটনেস মেইনটেইন করছে হয়তো খেলবে না, আমি জাস্ট কথার কথা বলছি। তবে ওই যে রজার মিলা খেলেছিল একবার; ওই বয়সেও কিন্তু ও চমৎকার খেলে ক্যামেরুনকে দ্বিতীয় রাউন্ড নিয়ে গিয়েছিল। ৪২ বছর বয়সে এসেও গোল করেছিল। মেসিও ব্যতিক্রম হতে পারে।’
