মেনোত্তি-বিলার্দোকে কি ছাপিয়ে গেছেন স্কালোনি?

মেনোত্তি-বিলার্দোকে কি ছাপিয়ে গেছেন স্কালোনি?

ফন্ট সাইজ:

ধ্বংসস্তূপ থেকে একটা দলকে টেনে তুলেছিলেন তিনি। তার হাতেই পুনর্জন্ম আর্জেন্টিনা ফুটবলের। তাই স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আলোচনার অন্যতম বিষয় কোচ লিওনেল স্কালোনির ঐতিহাসিক অবস্থান। দীর্ঘদিন ধরে সিজার লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোকে আর্জেন্টিনার ফুটবলে সর্বকালের সেরা দুই কোচ হিসেবে দেখা হয়। কিন্তু স্কালোনির ধারাবাহিক সাফল্য সেই ধারণাকে নতুন করে প্রশ্ন জাগাচ্ছে। টিওয়াইসি স্পোর্টস মনে করিয়ে দিয়েছে, লিওনেল মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা গত কয়েক বছরে এমন ধারাবাহিকতা গড়ে তুলেছে, যা দেশটির ফুটবল ইতিহাসেই বিরল। সবশেষ সাতটি বড় টুর্নামেন্টের পাঁচটিতেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতার মূল কুশীলব হলেন লিওনেল স্কালোনি।

কাজেই মেনোত্তি-বিলার্দোদের সঙ্গে শ্রেষ্ঠত্বের প্রশ্নে বিতর্ক আপনা আপনিই চলে আসে। কয়েক বছর আগেও এমন বিতর্ক কল্পনাও করা যেতো না। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর স্কালোনিকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি মেনোত্তি ও বিলার্দোর সমকক্ষ কি না, তখন বিনয়ের সঙ্গেই এই কোচ বলেছিলেন, ‘এখনও নয়।’ কারণ, ওই দুই কিংবদন্তির কোচিং ক্যারিয়ার ছিল অনেক দীর্ঘ এবং সমৃদ্ধ। তবে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে সাড়ে তিন বছর পর। স্কালোনির অধীনে ২০২৪ সালে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার দল খেলছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে- আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে স্কালোনি কি ইতোমধ্যেই মেনোত্তি ও বিলার্দোর চেয়েও বড় জায়গা দখল করে নিয়েছেন? সংবাদমাধ্যমটি আরও উল্লেখ করেছে, দক্ষিণ আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো একই দল টানা দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতে ‘ট্রিপল ক্রাউন’ অর্জন করেছে।

এর আগে ইউরোপে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জিতে এমন কীর্তি গড়ে কেবল স্পেন। এখন আর্জেন্টিনার সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। যদি স্পেনকে হারিয়ে তারা বিশ্বকাপ ধরে রাখতে পারে, তবে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর মাত্র তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। টিওয়াইসি স্পোর্টস অবশ্য মেনোত্তি ও বিলার্দোর অবদানকে খাটো করেনি। তাদের মতে, মেনোত্তি আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে জাতীয় দলের আধুনিক ভিত্তি তৈরি করেছিলেন।

আর বিলার্দোর অধীনেই দিয়েগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযানের মাধ্যমে দ্বিতীয় শিরোপা এনে দেন। তবুও, যদি আজ স্পেনকে হারিয়ে স্কালোনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ উপহার দিতে পারেন, তাহলে কেবল মেনোত্তি ও বিলার্দোর পাশে নয়, তাদেরকে ছাড়িয়ে যাবেন বর্তমান এই কোচ। আর তখন আর্জেন্টিনার সর্বকালের সেরা জাতীয় দলের কোচ নিয়ে বিতর্ক নতুন মাত্রা পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন