জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরে ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ধারা ২১ এ প্রদত্ত ক্ষমতাবলে ভেঙে দেয়া হয়েছে আগের কমিটিগুলো। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সময় এই অ্যাডহক কমিটিগুলো গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সময় গঠিত বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনই ছিল নিষ্ক্রিয়। নতুন অনেকের সঙ্গে বিভিন্ন ফেডারেশনে ফেরানো হয়েছে পুরোনো সংগঠকদের। তবে সবচেয়ে বড় বিতর্ক জিমন্যাস্টিকস ফেডারেশনে। এই ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে বহাল রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পাওয়া হাবিবুর রহমানকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও অ্যাডহক কমিটির দায়িত্বে ছিলেন তিনি।
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আনিমুল হক বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে সক্রিয় করতে নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নেন।
তারই ফলশ্রুতিতে গতকাল ঘোষিত হয়েছে ২৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি। যাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে এদেশে খেলাটির প্রবর্তক ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে। এই ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায়ী ও এসএ গেমসে পদকজয়ী সাবেক অরচার সৈয়দ তানভীর রায়হান। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন এই ফেডারেশনেরই সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেক। এসএ গেমস স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্নাকে সাধারণ সম্পাদক করে মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবগঠিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্বও দেয়া হয়েছে তাকে। এ নিয়ে বির্তক হচ্ছে। বেশ কিছু ফেডারেশনের শীর্ষ পদে ফিরেছেন পুরোনো ও অভিজ্ঞ মুখ।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপনকে। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। তারা বিগত বিএনপি সরকারের আমলেও একই দায়িত্বে ছিলেন। অন্য গুরুত্বপূর্ণ ফেডারেশনগুলোর মধ্যে কাবাডির সাধারণ সম্পাদক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। এ ছাড়া সাবেক খেলোয়াড় ও সংগঠকদের ওপর আস্থা রাখা হয়েছে বেশ কয়েকটি ফেডারেশনে। ভলিবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।
ভারোত্তোলনে সাবেক ভারোত্তোলক এস এম কাজল, ব্যাডমিন্টনে সাবেক জাতীয় খেলোয়াড় হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাবেক টিটি খেলোয়াড় সাইদুল হক সাদী এবং সাইক্লিংয়ে সাবেক সাইক্লিস্ট পারভেজ হাসান সাধারণ সম্পাদক হয়েছেন। টেনিসে বহাল আছেন ইশতিয়াক আহমেদ কারেন। জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন নয়না চৌধুরী এবং তায়াকোয়ান্দোর সাধারণ সম্পাদক পদে ফিরেছেন মাহমুদুল ইসলাম রানা। নতুনদের পাশাপাশি পুরোনো কমিটির কয়েকজন কর্মকর্তাকে নিজেদের পদে বহাল রাখা হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে বহাল আছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। একইভাবে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ, বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে এম এ কুদ্দুস খানকেই রাখা হয়েছে। উশুতে আছেন দিলদার হোসেন দিলু।
