আইসিসি’র কঠোর সমালোচনায় অধিনায়কেরা

ফন্ট সাইজ:

ফুটবলে যেখানে বিশ্বকাপে দল বাড়ছে, ক্রিকেটে ক্রমশ কমছে। ৬ বছর আগে ঘোষণা দেয়ার পরও ২০২৭ বিশ্বকাপের আগে এর পরিসর আরও ছোট করে ফেলেছে আইসিসি। আর তাতে ক্ষোভে ফুঁসছেন অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর অধিনায়কেরা। অবাক করা এই সিদ্ধান্তে রীতিমতো তোপের মুখে পড়েছে আইসিসি।

১৪ দল নিয়ে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও এবার তা হবে কার্যত ১২ দল নিয়ে। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বিষয়টিকে ভীষণ হতাশাজনক উল্লেখ করে বলেন, ’যেকোনো দেশের জন্য ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয়া একটি বিশাল অর্জন। তাই বছরের পর বছর পরিকল্পনার পর সেই সুযোগের বাস্তবতা বদলে গেলে তা সত্যিই হতাশার। আইসিসি সবসময় বিশ্বজুড়ে ক্রিকেট ছড়িয়ে দেয়ার কথা বলে, কিন্তু এ ধরনের সিদ্ধান্ত সহযোগী দেশগুলোর জন্য বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ আরও কঠিন করে তোলে। যদি আমরা সত্যিই ক্রিকেটকে একটি বৈশ্বিক খেলায় পরিণত করতে চাই, তাহলে বৈশ্বিক মঞ্চে সুযোগ কমানো নয়, বরং আরও বাড়ানো উচিত।’ নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস আইসিসি’র কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘অনেক সহযোগী দেশের ক্রিকেটারের কাছে ওয়ানডে বিশ্বকাপই দীর্ঘ সংস্করণের ক্রিকেটের সমতুল্য। বিশ্বকাপে জায়গা করে নেয়া মানে সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার একটি সুযোগ পাওয়া।

অনেক দেশের খেলোয়াড়দের কাছে ওয়ানডে বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি এমন একটি আসর, যাকে ঘিরেই ক্যারিয়ার গড়ে ওঠে এবং প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন দেখে। সেখানে জায়গা অর্জন করতে হয়- এটা আমরা সবাই মেনে নিই। তবে সেই যোগ্যতা অর্জনের পর সবচেয়ে বড় মঞ্চে লড়াই করার প্রকৃত সুযোগও থাকা উচিত।’
টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংও আইসিসিকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘ছোট এবং সহযোগী দেশগুলো ধারাবাহিকভাবেই প্রমাণ করেছে যে তারা বৈশ্বিক টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ ও মূল্য যোগ করতে পারে। আমরা সদ্য যে ফুটবল বিশ্বকাপ দেখেছি, সেটি অন্য খেলায় এর দারুণ উদাহরণ। ক্রিকেটও যদি একই ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তাহলে খেলাটির বিকাশের জন্য আরও বেশি সুযোগ তৈরি হবে।‘

স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন মনে করেন, আইসিসির এই সিদ্ধান্ত ক্রিকেটারদের ক্রিকেটবিমুখই করে তুলতে পারে। রিচি বলেন, ‘খেলোয়াড়রা প্রত্যেকটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরামর্শ আশা করে না। তবে যেসব সিদ্ধান্ত খেলাটির ওপর এবং খেলোয়াড়দের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে, সেসব বিষয়ে আমাদের সঙ্গে অর্থবহ পরামর্শ করা উচিত।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন