পেকুয়ার স্লুইসগেটের ইজারা বাতিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফন্ট সাইজ:

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীর খয়রাতি ঘাটে একটি সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে উপজেলার সব স্লুইসগেটের ইজারা বাতিল এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা খালের বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার দুপুরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পেকুয়ার অনেক এলাকায় এবার অস্বাভাবিক বন্যা হয়েছে। এখানে এভাবে বন্যা হওয়ার কথা নয়। কয়েকটি স্লুইসগেট অকেজো হয়ে পড়েছে এবং বিভিন্ন খালে বাঁধ দিয়ে মাছ ধরার জাল বসানোর কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়েছে। এতে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।’ তিনি জানান, ক্ষতিগ্রস্ত স্লুইসগেটগুলো দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে এবং খুব শিগগিরই কাজ শুরু হবে। পাশাপাশি উপজেলার স্লুইসগেটগুলোর ইজারা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে এগুলোর তদারকি উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার সকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ সংসদীয় এলাকার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া, টৈটং, উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তার গাড়িবহর রাজাখালীর ভাঙাখালী এলাকায় পৌঁছালে রাজাখালী ও পাশের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার কয়েক হাজার মানুষ বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান।

এ সময় পেকুয়া উপজেলা বিএনপি’র সদস্য ও রাজাখালী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নুরুল আবছার বদুর নেতৃত্বে স্থানীয়রা দীর্ঘদিনের দাবি হিসেবে খয়রাতি ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানান।

জনতার দাবির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং খয়রাতি ঘাটে সেতু নির্মাণের ঘোষণা দেন। একইসঙ্গে ছনুয়া-বাঁশখালী অংশের সঙ্গে যোগাযোগ সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। পরে তিনি মগনামা ও উজানটিয়া ইউনিয়নের সোনালি বাজার এলাকায় গিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা খালের উপর নির্মিত অবৈধ বাঁধগুলো অপসারণের নির্দেশ দেন। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরীকে অবিলম্বে বাঁধগুলো কেটে ফেলার নির্দেশ দেয়ার পাশাপাশি প্রশাসনকে এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করারও নির্দেশ দেন। পেকুয়ায় কর্মসূচি শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী মাতামুহুরী এলাকার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশ নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন