রাজশাহীতে নির্মিত হচ্ছে ‘নজরুল ভিলেজ’। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর রাজশাহীর ‘নজরুল ভিলেজ’র আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে করানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। শনিবার সকালে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণাধীন ‘নজরুল ভিলেজ’র উদ্বোধন ও স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ‘আজ আমরা নজরুল ভিলেজের ফলক উন্মোচন করেছি। প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ফলক উন্মোচনের পর মন্ত্রী মোনাজাতে অংশ নেন এবং একটি গাছ রোপণের মাধ্যমে প্রকল্পের সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল ভিলেজ’র আওতায় ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’ নির্মাণ করা হচ্ছে। উন্মুক্ত ও বৃক্ষশোভিত এই প্রাঙ্গণে বছর জুড়ে সাহিত্য, সংগীত, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
