মির্জাগঞ্জে চেয়ারম্যানের বসতঘর ভাঙচুর

ফন্ট সাইজ:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এ ঘটনা ঘটে। লাভলু মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর লাভলু এলাকা ছাড়েন। তবে ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা থাকতেন।

ওইদিন চিকিৎসার জন্য তারা ঢাকাতে থাকায় গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের ঘর গুঁড়িয়ে দেয়। পরে ঘর থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে বলে জানান ভুক্তভোগী পরিবার। লাভলুর স্ত্রী শিল্পী বেগম মুঠোফোনে বলেন, আমি চিকিৎসার জন্য ঢাকায় ছিলাম। সেখানে থাকাকালীনই জানতে পারি গভীর রাতে আমাদের ঘরের সামনে ভেকু নিয়ে অবস্থান করছে শতাধিক লোক। পরে তারা বিদ্যুতের সংযোগ বিছিন্ন করে ভেকু দিয়ে ঘর ভাঙচুর করে।

পরে ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে আগুন লাগিয়ে যায়। এ ঘটনা শুনে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়ি ফিরে দেখি কিছুই অবশিষ্ট নেই। বিষয়টি স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। তবে লাভলুর সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন