হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফন্ট সাইজ:

মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর অন্তত ১০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, ভাঙচুর ও সহিংসতার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোয়া শতডাঙ্গা গ্রামের আমিরুল মোল্যার সঙ্গে প্রতিবেশী আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল ও ফরিদ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আমিরুলের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্বজনরা তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এই হামলার ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে, ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে আমিরুল মারা যান। মৃত্যুর খবরে রাতে গ্রামে পৌঁছালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ৩টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় অন্তত ১০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগী পরিবারের মোসলেম বিশ্বাস বলেন, আকস্মিকভাবে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তবে বক্তব্য নেয়ার জন্য নিহতের ছোট ভাই আব্দুল মোল্যার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন