কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝেরপাড়ার বাসিন্দা শাহজাহান সওদাগরের শিশুকন্যা নুসাইবা নিখোঁজের এক মাস পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ, হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৯শে জুন বিকালে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল নুসাইবা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নুসাইবার বাবা শাহজাহান সওদাগর জানান, মেয়ে নিখোঁজ হওয়ার কিছু সময় পর তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি ফোন আসে।
ফোনকারী পরিচয় গোপন রেখে নুসাইবাকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, আজ এক মাস হয়ে গেল। আমার মেয়ের কোনো খোঁজ নেই। উখিয়া থানাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনো মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নুসাইবার কোনো সন্ধান না পেয়ে তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পরিবারের অন্য সদস্যরাও চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, একটি শিশু নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। মুক্তিপণ দাবির অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান অব্যাহত রেখেছে।
