জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। তিনি আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে, ঋণ পাবে এবং কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। এই কৃষকদের জন্য তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচি নতুন করে হাতে নিয়েছেন। শুধু কৃষিপণ্য দিলে হবে না; পানি না পেলে কৃষক কীভাবে কৃষি ফলাবে- কৃষি পণ্যের সুবিধার্থে তিনি খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন।
শনিবার বেলা ২টার দিকে নাটোর নলডাঙ্গা উপজেলার হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল এমরান খান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চেক ও কার্ড বিতরণের প্রথম অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) বিতরণ করা হয়। একইসঙ্গে স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলার ৩৩ জনের মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক তুলে দেয়া হয়। এ সময় ?দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কমিশনার (ভূমি) শামীম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
