আমাদের অনেকের পরিবারে মা-বাবা, ভাই-বোনদের পাশাপাশি অনেক ক্ষেত্রে নীরবে হৃদয়ে জায়গা করে নেয় কচিহু লোমশ, ছোট্ট প্রাণী। এমনই এক আবেগঘন পারিবারিক গল্প নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফরম চরকি’র অরিজিনাল ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতার এক গভীর মানবিক প্রশ্ন তুলে ধরে তৈরি হয়েছে ছবিটি। জানা গেছে, চরকি অরিজিনাল এই ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। নির্মাতার ভাষ্য, এটি মূলত একটি পরিবারের গল্প হলেও এখানে পোষা প্রাণীর উপস্থিতি গল্পকে দিয়েছে আলাদা মাত্রা। ওয়েব ফিল্মটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’। এই বিড়ালটিই ‘মিউ’-তে অভিনয় করেছে এবং ফটোশুটেও অংশ নিয়েছে। সাদিয়া আয়মান বলেন, ‘মিউ’ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি, কিন্তু তাদের অনুভূতি বা নির্ভরতার জায়গাটা ঠিকভাবে ভাবি না। আমার নিজের পোষা বিড়াল আলু এই ফিল্মে কাজ করেছে, এটা আমার জন্য আলাদা আনন্দের। শুটিংয়ের সময় ওকে নিয়ে কাজ করা ছিল খুবই আবেগের ও স্মরণীয় অভিজ্ঞতা। ওর সব শট এক টেকেই হয়েছে। খুব প্রফেশনাল আর্টিস্টের মতো কাজ করেছে সে। আগামী ৫ই মার্চ থেকে চরকিতে স্ট্রিমিং হবে ‘মিউ’। এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, সাদিয়া আয়মান, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন ও আজিজুল হাকিম প্রমুখ।
সাদিয়া আয়মানের ‘মিউ’
স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
