কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত সময়ে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মানোন্নয়ন ও সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। শনিবার সকালে নগরীর মনির টাওয়ারে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী বলেন, শিক্ষাখাতকে নতুনভাবে গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। আমি ‘এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নামে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছি। এটি সরকারের কাছে উপস্থাপন করা হবে।
পাশাপাশি কুমিল্লায় একটি বৃহৎ শিক্ষক সমাবেশের আয়োজন করা হবে, যেখানে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন। শিক্ষকরা তাদের সমস্যা ও দাবিগুলো সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। তাদের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘একজন শিক্ষকই একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন এবং তার সুপ্ত মেধার বিকাশ ঘটাতে পারেন। আমি নিজেও স্কুলজীবনে গণিতে দুর্বল ছিলাম। কিন্তু আমার শিক্ষক কোরবান আলী স্যারের আন্তরিক পরিচর্যা ও দিকনির্দেশনায় মাধ্যমিক পরীক্ষায় গণিতে লেটার মার্কস অর্জন করতে সক্ষম হয়েছিলাম।’
প্রাথমিক শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) তাকে জানিয়েছেন, খুব শিগগিরই শিক্ষক বদলির বিষয়টি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয়া হবে। মতবিনিময় সভায় জহুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
