হাসপাতালের বিনিয়োগ নিয়ে জটিলতা

বঞ্চিত পরিচালকদের সংবাদ সম্মেলন

হাসপাতালের বিনিয়োগ নিয়ে জটিলতা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের আল হায়াত হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চিত পরিচালক পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে কতিপয় বিনিয়োগকারী। শনিবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়। এ সময় পরিচালকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে (ঔঝঈ) শেয়ার নিবন্ধন না করা, আয়-ব্যয়ের হিসাব গোপন ইত্যাদি বিষয়ে অভিযোগ করেন তারা। অভিযোগে বলা হয়, হাসপাতালের শেয়ারের নামে ৩৬ জনের কাছ থেকে কোটি কোটি টাকা নেয়া হয়েছে। কিন্তু ১৭ মাস পার হলেও তাদের নামে এখনো আরজেএসসিতে (জঔঝঈ) শেয়ার নিবন্ধন করা হয়নি এবং কোনো শেয়ার সনদও দেয়া হয়নি।

এ ছাড়াও হাসপাতাল চালু হওয়ার পর থেকে আয়-ব্যয়ের কোনো হিসাব পরিচালকদের কাছে উপস্থাপন করা হয়নি। বক্তব্যে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে তিনি সহকারী কমিশনারের মাধ্যমে উপস্থিতির জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু তারা সেই নোটিশ অমান্য করে বৈঠকে উপস্থিত হননি। তারা মূলত শেয়ারহোল্ডারদের টাকা আত্মসাৎ করার চেষ্টায় আছেন। সংবাদ সম্মেলনে বঞ্চিত পরিচালক পরিষদের দাবি পূরণ না হলে আগামী ২৮শে জুলাই হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এদিকে, এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. জাহেদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

তিনি বলেন, হাসপাতালের সকল পরিচালকদের জন্য হিসাব উন্মুক্ত রাখা হয়েছে এবং সংবাদ সম্মেলনে অংশ নেয়া ৬-৭ জন ছাড়া বাকি পরিচালকরা হিসাব দেখেছেন। তাদের বিরুদ্ধে অন্য কোনো পরিচালকদের অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সকল পরিচালকদের সর্বসম্মতিক্রমে সংবাদ সম্মেলনে অংশ নেয়া ব্যক্তিদের হাসপাতালের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। কারণ তারা শুরু থেকেই প্রতিষ্ঠানের ভেতর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন। তবে তারা চাইলে যেকোনো সময় হিসাব-নিকাশ বুঝে নিয়ে তাদের বিনিয়োগ ফেরত নিয়ে যেতে পারবেন। কিন্তু তারা সেটি না করে নিয়মিত একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত আছেন। সংবাদ সম্মেলনে বঞ্চিত পরিচালক পরিষদের আহ্বায়ক আরাফাত হোসেন ফরহাদ সহ মোট ৯ জন পরিচালক উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন