জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে সংগঠনটির আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং মুখ্য সংগঠক নফিউল ইসলাম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার টগরাই হাট হাইস্কুল মাঠে আয়োজিত কৃষক সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আংশিক কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি।
ঘোষণাপত্র পাঠকালে সাঈদ উজ্জ্বল বলেন, ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কৃষকের রাজনৈতিক স্বীকৃতি, ন্যায্যমূল্য এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে।
এ সময় সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম ১৪ দফা কৃষক অধিকার সনদ উপস্থাপন করেন। সনদে কৃষকের রাজনৈতিক স্বীকৃতি, ন্যায্যমূল্য, কৃষি বীমা, অঞ্চলভিত্তিক কৃষিনীতি, খাদ্য সার্বভৌমত্ব, কৃষি উপকরণের প্রাপ্যতা, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা, প্রযুক্তি সুবিধা, কৃষিশ্রমিক ও নারী কৃষকের অধিকার, সামাজিক নিরাপত্তা, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং কৃষক নেতৃত্বাধীন রাষ্ট্রনীতি নিশ্চিত করার দাবি জানানো হয়।
