এনসিটি-সিসিটি ইজারা না দেয়ার দাবিতে গণঅনশন

এনসিটি-সিসিটি ইজারা না দেয়ার দাবিতে গণঅনশন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন। কর্মসূচিতে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম কৌশলগত ও অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের মালিকানা জনগণের এবং এর পরিচালনা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই থাকা উচিত। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে জনগণের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বহুজাতিক কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া হলে বন্দরের আয়ের বড় অংশ বিদেশে চলে যাবে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার অভিযোগ করেন, বন্দরের বিদ্যমান যন্ত্রপাতি অকার্যকর বলে যে প্রচার চালানো হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশ অর্থনৈতিক ও নিরাপত্তাগত ঝুঁকির মুখে পড়বে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন সেলিম বলেন, ২০০৭ সাল থেকে এনসিটি সফলভাবে পরিচালিত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। দেশের অর্থায়নে নির্মিত এই টার্মিনাল কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া উচিত নয়। প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেন, দেশের শ্রমিক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও সর্বস্তরের মানুষ জাতীয় সম্পদ রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ। যারা এ ধরনের ইজারা চুক্তি করবেন, ইতিহাস তাদের বিদেশি স্বার্থের পক্ষের ব্যক্তি হিসেবেই মূল্যায়ন করবে।

বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন- সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা, ন্যাপ নেতা মিতুল দাশগুপ্ত, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের নেতাসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ৪ঠা জুন সরকার দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা দেয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এর পর থেকে বিষয়টির প্রতিবাদে বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মানববন্ধন, সমাবেশ, সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠক, কালো পতাকা মিছিল, স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ প্রতীকী গণঅনশনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন