শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে নালিতাবাড়ী এসে শহিদুল অটোরিকশাযোগে তার শ্বশুরবাড়ি কৃষ্ণপট্টির উদ্দেশ্যে রওনা দেন। পথে সন্ন্যাসীভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নালিতাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
