হেযবুত তওহীদের মতবিনিময় সভা

ধর্মীয় চরমপন্থা রুখতে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার অপরিহার্য

ফন্ট সাইজ:

ধর্মীয় চরমপন্থা ও জঙ্গিবাদ মোকাবেলায় ইসলামের প্রকৃত ও ভারসাম্যপূর্ণ শিক্ষার গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় হেযবুত তওহীদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল “ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা”।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হেযবুত তওহীদের এমাম তার বক্তব্যে বর্তমান সময়ে ইসলামের নামে চলা চরমপন্থা, সাম্প্রদায়িকতা এবং ধর্মব্যবসার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, “ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনবিধান, যা মানব কল্যাণে নিবেদিত। কিন্তু দুঃখজনকভাবে, কিছু ধর্মান্ধ গোষ্ঠী পবিত্র ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে অশান্তি ও বিভেদ সৃষ্টি করছে। এর ফলে বিশ্বব্যাপী ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।”
ইসলামের সোনালী যুগের জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা ও প্রশাসনিক অগ্রগতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে নৈতিকতা, ন্যায়বিচার এবং শান্তির পথ দেখায়, চরমপন্থা বা সহিংসতার নয়। বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় উগ্রবাদ রুখতে সমাজের সামনে ইসলামের প্রকৃত ও সঠিক দর্শন উপস্থাপন করা সময়ের দাবি।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম. নাজিমউদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) হাসিনুর রহমান (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামসুদ্দিন আহমেদ, কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল মো: আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব) সৈয়দ মনজুরুল আলম, উইং কমান্ডার (অব) আমিনুল ইসলাম, উইং কমান্ডার আশিকুর ইসলাম, মেজর হারুন অর রশীদ, মেজর আব্দুল ইউসুফ, মেজর আলমগীর দেওয়ান, মেজর (অব) রেজাউল হাসান শাহীন, ক্যাপ্টেন (অব) এম ইমদাদুল হক, চিফ সায়েন্টিফিক অফিসার ইঞ্জি. কাজী রেজাউল করিম, সিনিয়র অ্যাডভোকেট ইব্রাহীম মোল্লা, অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট আহমদ মনসুর রহমান, অ্যাডভোকেট মোঃ আকবর হোসেন, সাবেক প্রিন্সিপাল আমির হোসেন, প্রধান শিক্ষক মো: ইনসান আলী, ফারাহ নাজ সাত্তার বন্যা (সেক্রেটারি, এবি পার্টি), সাধারণ সম্পাদক (দুর্নীতি বিরোধী কমিটি) সারোয়ার ওয়ায়াদুদ চৌধুরী, খোন্দকার নাজিম উদ্দিন (সিইও), সমাজকর্মী মাহবুবুর রহমানসহ বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক এবং বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

অতিথিরা আলোচনায় তাদের মতামত তুলে ধরেন এবং ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় একটি সম্মিলিত সামাজিক প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠান শেষে বক্তারা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আজকের এই সভা ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন