‘চালচিত্র’র প্রিকুয়েল সিরিজে চঞ্চল

‘চালচিত্র’র প্রিকুয়েল সিরিজে চঞ্চল

ফন্ট সাইজ:

দেশের পাশাপাশি টালিউডে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক টালিউডের প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসুর শেকড় এবং সুমন মুখোপাধ্যায়ের আজাদি সিনেমার শুটিং শেষ করেছেন। এবার তিনি যুক্ত হচ্ছেন টালিউডের আলোচিত ‘চালচিত্র’ প্রিকুয়েলের সিরিজে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী। তবে সিরিজে তার চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। ২০২৪ সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। ছবিটি দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। অল্প সময়ের উপস্থিতিতেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সেই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রযোজনায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী। প্রথমে ‘চালচিত্র ২’ নামে সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। নির্মাতারা এবার গল্পটিকে ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিরিজটিতে ব্রাত্য বসু অভিনীত আলোচিত সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রের তরুণ বয়সের ভূমিকায় দেখা যেতে পারে চঞ্চলকে। চরিত্রটির অপরাধজীবনের নেপথ্যে থাকা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীতই হবে কাহিনির মূল আকর্ষণ। তবে নিজের চরিত্র নিয়ে রহস্য বজায় রেখেছেন চঞ্চল।

তিনি বলেন, আমি তো জানি, এটা আলাদা একটা চরিত্র। অভিনেতা আরও বলেন, এখনই কিছু বলতে চাই না। দর্শকদের জন্য চমক থাকুক। আমি অভিনয় করছি, এটা নিশ্চিত। কাজটি যখন মুক্তি পাবে, তখনই দর্শক গল্প ও চরিত্রটি দেখুক। চঞ্চল জানান, দু-এক দিনের মধ্যেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র’র নতুন এই সিরিজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন