জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান এবার হাতে তুলে নিয়েছেন ডায়েরি ও কলম। ভ্রমণের স্মৃতিকথা নিয়ে তিনি লিখেছেন, ‘ট্রাভেল ডায়েরিজ’। সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি তিনি শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ইয়াশ রোহান জানিয়েছেন, তার অর্জিত টাকা-পয়সার বড় অংশ তিনি খরচ করেন ভ্রমণে।
একাই ঘুরতে বেরিয়ে যান দেশ-বিদেশে। সেসব স্মৃতিকথা শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ রাখতে চান না তিনি, সবার সঙ্গে শেয়ার করতে চান। সে কারণেই তিনি অল্প অল্প করে ভ্রমণ কাহিনী লিখছেন। ইয়াশ রোহানের ‘ট্রাভেল ডায়েরিজ’ বই আকারে আসবে নাকি অন্য কোনো ফরমেটে- তা এখনো চূড়ান্ত হয়নি। ভ্রমণ নিয়ে আরেকটি তথ্য দিয়েছেন ইয়াশ; সব ঠিক থাকলে এভারেস্ট জয় করতে চান তিনি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে ইয়াশ রোহান বলেছেন তার বলা-না বলা অনেক কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
