সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

কয়েকদিন মৃত্যু শূন্য থাকার পর সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। ৪, ৭ ও ১০ মাস বয়সী শিশুরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বাসিন্দা।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ তে।

এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ৪৪ জন, মৌলভীবাজারের ১২ জন এবং হবিগঞ্জের ৮ জন রয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ , এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন