লুই ভিতনের রাজকীয় ট্রাঙ্কে চড়ে নিউ ইয়র্কে আসছে বিশ্বকাপ ট্রফি

লুই ভিতনের রাজকীয় ট্রাঙ্কে চড়ে নিউ ইয়র্কে আসছে বিশ্বকাপ ট্রফি

ফন্ট সাইজ:

বিশ্বকাপের সোনালী ট্রফিটি যখন স্টেডিয়ামে প্রবেশ করবে, তখন কেবল ফুটবলপ্রেমীদের নয়, নজর কাড়বে ফ্যাশন দুনিয়ারও। ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি এবার নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাজির হচ্ছে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘লুই ভিতন’-এর বিশেষভাবে তৈরি একটি রাজকীয় ট্রাঙ্কে। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফির জন্য ক্যারি কেস বা ট্রাঙ্ক ডিজাইনের দায়িত্ব এবারও পেয়েছে বিশ্বখ্যাত এই ফ্যাশন হাউস। ট্রাঙ্কটির সামনে সোনালী রঙের ইংরেজি ‘ভি’ অক্ষরটি ফুটিয়ে তোলা হয়েছে। এটি একই সঙ্গে ‘ভিক্টরি’ (জয়) এবং ‘ভিতন’্তউভয়কেই নির্দেশ করে।

এর সঙ্গে রয়েছে ব্র্যান্ডটির সিগনেচার মনোগ্রাম প্যাটার্ন এবং সোনায় মোড়ানো ব্রাসের কর্নার প্রটেক্টর। ট্রাঙ্কটির ভেতরের অংশ সাজানো হয়েছে বেইজ রঙের চমৎকার চামড়া দিয়ে, যেখানে ফিফা ও লুই ভিতনের ঐতিহাসিক অংশীদারিত্বের একটি বিশেষ স্মারক প্যাচ যুক্ত করা হয়েছে। ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের পর এটি টানা পঞ্চম আসর, যেখানে বিশ্বকাপের ট্রফি বহন করার রাজকীয় বাক্সটি তৈরি করলো লুই ভিতন। এই যৌথ পথচলা নিয়ে লুই ভিতনের প্রধান নির্বাহী পিয়েত্রো বেক্কারি বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে লুই ভিতন এবং ফিফা শ্রেষ্ঠত্বের এক অবিচল প্রতিশ্রুতি ভাগ করে আসছে।

খেলাধুলার মানুষকে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করার শক্তিতে আমরা বিশ্বাসী।’ ক্রীড়াজগতে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর এমন উপস্থিতি অবশ্য নতুন নয়। ১৯৬৭ সালের প্রথম আসর থেকেই সুপার বোল চ্যাম্পিয়নদের জন্য ‘ভিন্স লম্বার্ডি ট্রফি’ তৈরি করে আসছে নামী ব্র্যান্ড ‘টিফানি অ্যান্ড কোং’। এছাড়া ফর্মুলা ওয়ানের সঙ্গেও ১০ বছরের চুক্তি রয়েছে লুই ভিতনের। তবে জুরিখের ফিফা মিউজিয়ামে সংরক্ষিত ফুটবল বিশ্বকাপের আসল ট্রফিটির জন্য এমন রাজকীয় ট্রাঙ্ক ডিজাইন করা নিঃসন্দেহে এক অনন্য ও পরম সম্মান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন