ফকল্যান্ড ব্যানার নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত!

ফকল্যান্ড ব্যানার নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত!

ফন্ট সাইজ:

বিশ্বকাপের ফাইনাল শুরু হতে সময় বেশি নেই। এর আগে মাঠের মধ্যে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করে চরম বিতর্কের জন্ম দিয়েছেম আর্জেন্টাইন খেলোয়াড়রা। ইংল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর সেমিফাইনালে ২-১ গোলে জয়ের পরের ঘটনা এটি। মাঠের ভেতর খেলোয়াড়দের ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা ব্যানার উঁচিয়ে উদযাপনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ফিফা এখন ম্যাচ কমিশনারের প্রতিবেদন খতিয়ে দেখছে।

ফুটবল মাঠে যেকোনো ধরনের রাজনৈতিক প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ। ফিফার এক মুখপাত্র জানান, তাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ম্যাচ রিপোর্ট খতিয়ে দেখছে এবং ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। যুক্তরাজ্যের রাজনৈতিক মহল এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ। লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালে সংশ্লিষ্ট আর্জেন্টাইন খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
বৃটিশ বাণিজ্য সচিব পিটার কাইল বলেন, ‘আমাদের দল চরম পেশাদারিত্ব ও মর্যাদা দেখিয়েছে, যা গত রাতে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সম্পূর্ণ বিপরীত। ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি দূরে রাখা জরুরি এবং আমরা আশা করি ফিফা এর একটি সুষ্ঠু তদন্ত করবে।’

সরাসরি ফুটবলারদের এমন রাজনৈতিক অবস্থানের পর বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট কড়া জবাব দিয়ে বলেছে, ‘বিশ্বকাপটা হয়তো এবার আমাদের হচ্ছে না। তবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদেরই থাকবে। ফকল্যান্ডের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার কখনোই নড়চড় হবে না।’

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই খেলোয়াড়দের এই আবেগকে সমর্থন করে একে ‘যৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তবে রেডিও এল অবজারভেটরকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘মাঠের বিষয়গুলো কূটনীতির অংশ নয়। আমরা কূটনৈতিক উপায়েই বুদ্ধিমত্তার সঙ্গে এটি পুনরুদ্ধার করব।’

১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সেখানে শত শত প্রাণহানি ঘটে। এর আগে ২০১৪ সালেও স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একই ধরনের ব্যানার প্রদর্শনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার পাউন্ড জরিমানা করে ফিফা। এবার ফাইনালে আর্জেন্টিনার খেলা নিয়ে কোনো সংশয় না থাকলেও, ম্যাচ শেষে খেলোয়াড়দের বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন