জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেস সচিব বলেন, আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি পাবলকি করা হবে।
শফিকুল আলম জানান, পিএসসি’র বাজেট ব্যয়ে আগে সরকারের পূর্বানুমোদন নেয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা নতুন সংশোধনীতে শিথিল করা হয়েছে। অধ্যাদেশে ৮-এর (ক) ধারা যুক্ত করে বলা হয়েছে, প্রতি অর্থবছরে বাজেটে নির্ধারিত বরাদ্দকৃত অর্থ অনুমোদিত খাতে ব্যয় করার ক্ষেত্রে কমিশনের জন্য সরকারের পূর্বানুমোদন গ্রহণ আর আবশ্যক হবে না। এর ফলে সংস্থাটির কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং গতিশীলতা আসবে।
বৈঠকে বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) স্থাপনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের জন্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ৬৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রেস সচিব জানান, এই বিশেষ অঞ্চলটি চালু করতে হলে প্রায় ১০টি বিদ্যমান আইন ও নীতিমালা পরিবর্তনের প্রয়োজন হবে, যা দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।
শফিকুল আলম বলেন, নির্বাচনে ভোটের হার কেমন হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আশা করছি ভোটের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের বিষয়ে কি আর বলবো? তারা নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরির। আওয়ামী লীগ শুধু অনলাইনে আছে। চোরচোট্টাদের কাজ কি অনলাইনে এসে চিল্লানো। অনেক টাকা লুট করে নিয়ে গেছে। মিছিলেও দেখি না।
গণমাধ্যম বিষয়ে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাস ধরে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। তিনি বলেন, যেকোনো সংবাদ প্রকাশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয়, সে বিষয়েও আমরা নজর রেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং গণমাধ্যম খাতে বেশ কিছু সংস্কারও হয়েছে।
তিনি বলেন, গেল ১৮ মাসে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া হাজার হাজার অপতথ্য দিয়েছে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরিতে এটাও একটি বাধা। হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভায়োলেন্সের কথা বলছে।
এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৩০ জন বিদেশী পর্যবেক্ষক আসার কথা রয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ প্রায় ২১১ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না কাউকে জোর করে ধরে এনে সার্টিফিকেট নেয়া বা আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করা। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করাই সরকারের মূল লক্ষ্য।
অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৮ মাসে জারি করা সব অধ্যাদেশের একটি সংকলন (বই) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের হাতে তুলে দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিপুল পরিমাণ আইনি সংস্কার ও অধ্যাদেশ জারির এই প্রচেষ্টার জন্য আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা ২০২৬, জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন হয়েছে। কাতার সশস্ত্র বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার, সামরিক কর্মী ও বেসামরিক জনবল ডেপুটেশনে পাঠানোর বিষয়ে করা চুক্তির অনুসমর্থন প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক সুপারিশকৃত বিভিন্ন প্রস্তাবনা বৈঠকে নীতিগতভাবে গ্রহণ করা হয়।
