ব্যাটিং ফেলে দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন!

গ্যালারি থেকে ‘দালাল’ স্লোগান

ব্যাটিং ফেলে দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন!

ফন্ট সাইজ:

গ্যালারি থেকে ধেয়ে আসা অপমান সহ্য করতে পারলেন না মোহাম্মদ মিঠুন। আজ রাজশাহীতে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচ চলাকালীন দর্শকদের ‘দালাল’ স্লোগান ও আপত্তিকর মন্তব্যে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইনের দিকে ছুটে যান তিনি। ব্যাটিং ফেলে সরাসরি দর্শকদের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে এই ব্যাটারকে।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে দক্ষিণাঞ্চল। ইনিংসের এক পর্যায়ে গ্যালারির একটি অংশ থেকে মিঠুনকে লক্ষ্য করে কিছু দর্শক ‘দালাল, দালাল’ বলে স্লোগান দিতে থাকেন। শুরুতে এড়িয়ে গেলেও এক পর্যায়ে মেজাজ ধরে রাখতে পারেননি মিঠুন। ব্যাটিং ছেড়ে বাউন্ডারি লাইনের ধারে গিয়ে দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। কেন তাকে এমন কথা বলা হচ্ছে, দর্শকদের কাছে সেটির জবাব চাইছিলেন মিঠুন। তবে কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে মৃদু হেসে পুনরায় উইকেটে ফিরে যান তিনি।

দর্শকদের এমন আচরণের নেপথ্যে গত জানুয়ারিতে বিপিএল বয়কটের সেই আলোচিত ঘটনাটি কাজ করছে বলে মনে করা হচ্ছে। বিসিবির এক পরিচালকের মন্তব্যের জেরে লিটন-মিরাজদের নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মাধ্যমে বিপিএল বয়কটের ডাক দেন মিঠুন। সেই আন্দোলনের পেছনে তামিম ইকবালের সমর্থন আছে কি না-এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয় তাকে।

মাঠের পরিবেশ প্রতিকূল হলেও ব্যাটে এর প্রভাব পড়তে দেননি মিঠুন। সতীর্থরা যখন উত্তরাঞ্চলের বোলিং তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন এক প্রান্ত আগলে রাাখেন তিনি। পুরো দল মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেলেও মিঠুন ৭৯ বলে ৫৫ রানের এক লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন