মুক্তা বেগম ও তার শিশু সন্তানের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

মুক্তা বেগম ও তার শিশু সন্তানের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

ফন্ট সাইজ:

ফুটপাতে অসহায় দরিদ্র মুক্তা বেগম ও তার ছোট শিশু সন্তানের দায়িত্ব নিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে পুরানা পল্টনে এসে মুক্তাকে দেখে তার সঙ্গে কথা বলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুনেন তার অজানা গল্প। আশস্ত করেন তার জন্য নতুন ঠিকানার ব্যবস্থা করবেন।

সংসদ সদস্য বাবর বলেন, মোহনগঞ্জে তার বাড়ি, আমার নির্বাচনি এলাকায়। যখন শুনলাম রাস্তায় এই অসহায় নারী তার ছোট সন্তানদের নিয়ে বসে থাকে, অভুক্ত দিন কাটায়। সেজন্য তার কাছে ছুটে এসেছি। আফটারঅল ও-আমার এলাকার মানুষ।

তিনি আরও বলেন, তাকে বলেছি, আমি মোহনগঞ্জে তাকে একটি ছোট জায়গা দিয়ে বাড়ি বানিয়ে ঠিকানা করে দেবো ইনশাআল্লাহ, সেখানেই সে থাকবে। আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। তার ছোট ছেলেরও দায়িত্ব নিয়েছি আমি। এখন মুক্তা বেগম এর জরুরী দরকার একটি চাকুরির। তাকে একটি চাকুরির ব্যবস্থা করাই প্রথম কাজ আমার।

মুক্তা বেগম বলেন, আমি এই দুনিয়ায় অসহায়। তিন ছেলে-পেলে নিয়ে বছরের পর বছর এখানেই বসে থাকি। আমার দুই ছেলে এক মেয়ে। ছোট বাচ্চাটাকে দেখার মতো কেউ নাই। অনেক সময়ে ঘুমাইয়া যাই। সেজন্য দেখছেন পোলাডাকে পায়ে দড়ি দিয়ে বাইন্দা ঘুমাই। যাতে কেউ নিয়ে না যায়। আজকে এমপি সাহেব আইছেন, কইছেন আমারে দেখব। আল্লাহ উনারে ভালো করুক।

মুক্তা বেগমের বাড়ি মোহনগঞ্জ। তার দুই ছেলে এক মেয়ে। এক মাত্র মেয়েকে বিয়ে দিয়েছে। দুই সন্তান নিয়ে এখন তার পথ চলা। এর মধ্যে বড় ছেলেটা মাদকে আসক্ত হয়ে আলাদা। এখন মূলত ছোট ছেলে মেহেদিকে নিয়ে তার সংসার।