ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা

ফকল্যান্ডস বিতর্ক

ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

মাঠের লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে এরই মধ্যে মাঠের বাইরের এক চরম বিতর্কে জড়িয়ে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আটলান্টায় থমাস টুলের শিষ্যদের ২-১ গোলে হারায় লিওনেল মেসিরা। ম্যাচের পর তারা ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার মালিকানা দাবি করে একটি বিতর্কিত ব্যানার প্রদর্শন করেন। আর এই রাজনৈতিক বার্তার কারণে এবার ফিফার কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছে তারা।

ম্যাচ শেষের উদযাপনে আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতে একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল- ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’। দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত বৃটিশশাসিত এই দ্বীপপুঞ্জটি নিয়ে বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে সংঘটিত ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে বহু সৈনিক প্রাণ হারান।
ফুটবল মাঠে যেকোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শন ফিফার নিয়মানুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০১৪ সালেও স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একই ব্যানার প্রদর্শনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০,০০০ পাউন্ড জরিমানা করে ফিফা।

এবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে এমন কাণ্ডের পর যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা বিষয়ক মন্ত্রী পিটার কাইল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুটবলের মতো জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ড না রাখার যে নিয়ম রয়েছে, এটি তার একটি চরম লঙ্ঘন। আমি নিশ্চিত ফিফা এই বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।’

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ফুটবল ও রাজনীতিকে আলাদা রাখার কথা বলেন। তবে দেশের রাজনৈতিক মহল এটিকে ভিন্ন চোখে দেখছে। আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এটি কেবল আরেকটি ম্যাচ ছিল না। তারা স্টেডিয়ামে ব্যানার আনতে নিষেধ করেছিল। তবে ভুলে গেছে যে ফকল্যান্ডস আমাদের রক্তে ও হৃদয়ে মিশে আছে।’

ইউরোপিয়ান জায়ান্ট স্পেনকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। তবে এখন মাঠের ট্রফির পাশাপাশি ফিফার ডিসিপ্লিনারি কমিটির রায়ের দিকেও নজর রাখতে বাধ্য হচ্ছে আলবিসেলেস্তেরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন