জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ২০২৮-২০২৯ মেয়াদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেছে ভারত। আগামী বছরের জুনে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের একটি আসনের জন্য তাজিকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশটি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার এ প্রচারণার উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রচারণা বক্তব্যে জয়শঙ্কর গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হওয়ার অঙ্গীকার করেছেন। ভারতের এবারের প্রচারণার প্রতিপাদ্য ‘শান্তি’। নয়াদিল্লির ভাষ্য, নিয়ম, আস্থা ও সততার ভিত্তিতে শান্তি, নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের প্রচারণার মূল বার্তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যের পাশাপাশি আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্য দুই বছরের জন্য দায়িত্ব পালন করে।
ভারত এর আগে ২০২১-২০২২ মেয়াদে পরিষদের অস্থায়ী সদস্য ছিল। একই সঙ্গে পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যসংখ্যা বাড়ানো এবং জাতিসংঘ ব্যবস্থার সংস্কারের দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে দেশটি।
