‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হবে। এই সুযোগে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও নিরাপত্তা নিশ্চিত করবে। এ ছাড়া গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে আগাম তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। র্যাব আরও জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে র্যাব। এ ছাড়া এই আয়োজনে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
