ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ২০ বছর আগে বাম আমলে বিতাড়িত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন অবশেষে বিজেপি সরকারের আমলে কলকাতায় ফিরে আসছেন। আগামী ১লা আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-
সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন ‘নির্বাসিত’ লেখিকা। ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন তসলিমা নিজেই।
লজ্জা উপন্যাস লেখার দায়ে মৌলবাদীদের হুমকির মুখে প্রায় তিন দশক আগে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছিলেন লেখিকা। তারপর বিভিন্ন দেশ ঘুরে স্থায়ী হতে চলে এসেছিলেন কলকাতায়।
এখানেই শান্তিতে লেখার মাধ্যমে দিন কাটাবেন বলে ফ্ল্যাটও কিনেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মৌলবাদীরাও তার মৃত্যু পরোয়ানা ঘোষণা করে আন্দোলনের নামে তাণ্ডব শুরু করলে বামফ্রন্ট সরকার জোর করে তাকে কলকাতা থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল। তার লেখা দ্বিখণ্ডিত উপন্যাস নিষিদ্ধও করেছিল বামফ্রন্ট সরকার। সেই ২০০৭ সাল থেকেই দিল্লিতে নিরাপদ আস্তানায় দিন কাটছে তার। কলকাতার অনুষ্ঠানের উদ্যোক্তা হলো, সেক্যুলার মিশন ও এইচআরবিএফএফ নামের দু’টি সংগঠন। উদ্যোক্তাদের অনুষ্ঠানের পোস্টারে সাহিত্যিককে ‘মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ বলে উল্লেখ করা হয়েছে।
