বিশ্বকাপের সেমিফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই লড়াইয়ের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইসমাইল এলফাত। গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে ম্যাচ পরিচালনার জন্য এলফাতকে মনোনীত করায় উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়েরার। প্রতিক্রিয়ায় তিনি ফিফাকে কড়া বার্তা দেন। ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টের একটি পর্বে শিয়েরার বলেন, ‘রেফারিং নিয়ে আমি বেশ চিন্তিত। কারণ, টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত রেফারি ও ভিএআর-এর দৃষ্টিভঙ্গিতে অনেক বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে সিদ্ধান্তগুলো যেভাবে আসছে, তা বেশ বিস্ময়কর। মিশরের বিপক্ষে তাদের একটি গোল যেভাবে বাতিল করা হয়েছে, তা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে।’ সেমিফাইনালের এ ম্যাচে ব্যাপক উত্তেজনা ছড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত এই ম্যাচে যথেষ্ট লড়াই হবে, তাই ম্যাচে এক বা দুটি লাল কার্ড দেখলে অবাক হবো না।’ এবারের বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়েও শিয়েরার প্রশ্ন তুলেছেন। উদাহরণ হিসেবে তিনি ফ্রান্স-সেনেগাল ম্যাচের রেফারিংকে টেনেছেন। তিনি বলেন, ‘ফ্রান্সের সেই ম্যাচটির কথা আমার স্পষ্ট মনে আছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হয়েছিলেন। রেফারিকে ভিএআর স্ক্রিনে গিয়ে ঘটনাটি দেখার পরামর্শ দেয়া হয়েছিল।
তিনি সেটি দেখলেনও, কিন্তু তারপরও নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন-অথচ আমার কাছে সেটি পরিষ্কার পেনাল্টি বলে মনে হয়েছে।’ ফিফা ঘোষণা অনুযায়ী আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন আমেরিকান রেফারি ইসমাইল এলফাত। তার সঙ্গে সহকারী হিসেবে থাকবেন কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি হিসেবে থাকছেন ইতালির মাউরিজিও মারিয়ানি। এবারের বিশ্বকাপে এলফাত ইতিমধ্যে একটি লাল কার্ড দেখিয়েছেন।
