টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

ফন্ট সাইজ:

হারারে টেস্টে বাংলাদেশের হারের পর জিম্বাবুয়ের শীর্ষস্থানীয় ট্যাবলয়েড দৈনিক এইচ মেট্‌্েরা শিরোনাম করেছিল ‘বাংলা ডেড’ নামে। সেই লজ্জার পর ওয়ানডে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয় টাইগাররা। চার বছর পর ২-১ ব্যবধানে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারায়। তবে শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় মেহেদি হাসান মিরাজের দল। এবার টি-টোয়েন্টি সিরিজের চ্যালেঞ্জ। আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই। খেলা শুরু বিকাল সাড়ে ৪টায়।

বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ক্রিকেট উপহার দেয় জিম্বাবুয়ে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সহ আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে। সেই সুখস্মৃতি, ওয়ানডে ও টেস্ট সিরিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে ঘরের মাঠে টাইগারদের চ্যালেঞ্জ জানাবে সিকান্দার রাজার দল। জিম্বাবুয়েতে পা রাখার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে টাইগাররা। এমন নাজুক পারফরম্যান্সের মাঝে বিপদ বাড়িয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের চোট। দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোট পাওয়ায় চার সপ্তাহ মাঠের বাহিরে থাকবেন এ বাহাতি পেসার। নিয়মিত অধিনায়ক লিটন দাসও এই সিরিজে খেলতে পারবেন না।

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লীগ (এলপিএল) থেকেও নাম সরিয়ে নিয়েছেন লিটন। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ এলপিএলে ব্যস্ত সময় কাটাবেন। মেহেদি হাসান মিরাজও বিসিবি থেকে এলপিএল খেলার এনওসি পেয়েছেন। ফলে পরীক্ষিত ক্রিকেটারদের ছাড়াই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। পেস আক্রমণে শরীফুল ইসলাম ও নাহিদ রানার সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন আবদুল গাফফার সাকলাইন। এছাড়া ২০২২ সালের পর টি-টোয়েন্টি দলে ফিরছেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে অর্ধশতক করলেও ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্রায়ান বেনেট। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি দারুণ ছন্দে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি ভারতের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের তিন অভিজ্ঞ পেসার না থাকায় দলের বোলিং আক্রমণের মূল ভরসা নাহিদ রানা। ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বুলাওয়ের কন্ডিশনে তার বাড়তি গতি জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিলেও রান খরচের দিক দিয়ে তিনি কিছুটা ব্যয়বহুল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির বদলি হিসেবে দলে আসা বেন কারানের এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক করতে পারেন। জিম্বাবুয়ের পেস আক্রমণে থাকবেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন অধিনায়ক সিকান্দার রাজা।

এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সিকান্দার রাজা ফুল মেম্বার দেশগুলোর মধ্যে সপ্তম এবং জিম্বাবুয়ের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০ বছর বা তার বেশি বয়সে টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়বেন। সেই সঙ্গে তিনি জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হবেন। এর আগে এই রেকর্ডটি ছিল ব্রেন্ডন টেলরের দখলে। বুলাওয়ের উইকেট সাধারণত ধীরগতির ও নিচু বাউন্সের হয়। শীতকাল হওয়ায় পিচ আরও ধীরগতির হতে পারে। ম্যাচের দিন বৃষ্টির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ক্রিকইনফো। হেড টু হেডে দাপট টাইগারদের। টি-টোয়েন্টিতে দু’দলের ২৫ দেখায় বাংলাদেশের জয় ১৭টিতে। হার ৮ ম্যাচে। তবে জিম্বাবুয়ের মাটিতে সমানে সমান। দেশটির মাটিতে ৮ টি-টোয়েন্টি ম্যাচে সমান ৪টি করে জয় দু’দলের। ২০২২ সালে হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন