জোসে মরিনহো মানেই বাড়তি রোমাঞ্চ, কড়া অনুশাসন আর প্রথম দিন থেকেই নিজের আধিপত্য বিস্তার। রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেই সেই চিরচেনা রূপ দেখালেন ‘দ্য স্পেশাল ওয়ান’। ভালদেবেবাসে প্রাক-মৌসুমের প্রথম অনুশীলন সেশনেই ফুটবলারদের ট্যাকটিকসের চেয়ে মনস্তাত্ত্বিক পরিবর্তনের ওপর জোর দিয়েছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। সেই সঙ্গে রিয়ালের স্পোর্টিং বিভাগকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন- স্কোয়াড শতভাগ গোছাতে তার আরও কী কী প্রয়োজন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, মরিনহোর মতে গত দুই মৌসুমে রিয়ালের খেলোয়াড়দের মধ্যে যে জয়ী মানসিকতা কিছুটা ম্লান হয়েছিল, তা দ্রুত ফিরিয়ে আনা জরুরি। চলতি দলবদলে ইতোমধ্যে ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া, বার্নার্দো সিলভা এবং ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে অল হোয়াইটরা।
ক্লাবের এই দলবদলের সিদ্ধান্তে মরিনহো সন্তুষ্ট, তবে তার চাহিদা এখনো শেষ হয়নি। নিজের চিরচেনা রক্ষণাত্মক ফুটবল দর্শনের সঙ্গে মিলিয়ে রক্ষণভাগ ও মাঝমাঠকে আরও নিশ্িছদ্র করতে চান তিনি। এজন্য আরও একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন ব্যাক-আপ সেন্টার-ব্যাক চেয়েছেন তিনি।
তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও মরিনহোকে তাদের সীমাবদ্ধতার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়াতে হলে বর্তমান স্কোয়াড থেকে খেলোয়াড় ছাড়তে হবে। খেলোয়াড় বিক্রি না করে নতুন চুক্তি করা এই মুহূর্তে সম্ভব নয়।
রিয়ালের বর্তমান স্কোয়াড থেকে রাউল আসেনসিও কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গার মতো ফুটবলাররা যদি ক্লাব না ছাড়েন, তবে নতুন খেলোয়াড় কেনার পথ আপাতত বন্ধ। ফলে আপাতত নতুন সাইনিংয়ের চেয়ে বর্তমান দল নিয়েই মরিনহোকে প্রাক-মৌসুমের পরিকল্পনা সাজাতে হচ্ছে। তবে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে নিজের পছন্দের স্কোয়াড গড়তে ‘স্পেশাল ওয়ান’ যে চাপ বজায় রাখবেন, তা বলাই বাহুল্য।
