ফুটবল দলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ! সেনেগালে তোলপাড়

ফুটবল দলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ! সেনেগালে তোলপাড়

ফন্ট সাইজ:

চলমান বিশ্বকাপ থেকে সেনেগালের বিদায়ের পর এখন টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে দাঁড়িয়েছে দলটির এক অদ্ভুত অভ্যন্তরীণ কাণ্ড। জানা গেছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সেনেগাল দলের প্রধান চিকিৎসক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি মূলত একজন ‘গাইনোকোলজিস্ট’ বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ! স্পোর্টস মেডিসিনের কোনো বিশেষজ্ঞ ডাক্তার না নিয়ে এমন অদ্ভুত সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন খোদ সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) সভাপতি আবদুলায়ে ফল। সোমবার এক সংবাদ সম্মেলনে দলের এই চরম অব্যবস্থাপনার কথা স্বীকার করেন তিনি। খেলোয়াড়দের চোট আঘাত যেখানে প্রতি মুহূর্তের সঙ্গী, সেখানে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দলের মেডিকেল টিমের দায়িত্বে দেখে ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফেডারেশন প্রধান আবদুলায়ে ফল সংবাদ সম্মেলনে বলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে আমি যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে স্পষ্ট যে তারা এই চিকিৎসকের ওপর একদমই ভরসা পাচ্ছিলেন না। ফুটবলারদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। তাই স্কোয়াডকে আশ্বস্ত করতে আমাদের তড়িঘড়ি করে বাইরে থেকে অতিরিক্ত মেডিকেল বিশেষজ্ঞ জোগাড় করতে হয়।’ বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে হাসাহাসি শুরু হলেও সেনেগালিজ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, দলের প্রধান চিকিৎসক আবদেরহমানে ফেদিওরের নামে যে গাইনোকোলজিস্ট হওয়ার দাবি করা হচ্ছে, তা ‘মানহানিকর’।

দাবি করা হয়, তিনি মূলত শেখ আন্তা দিওপ বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে স্পেশালিস্ট ডিপ্লোমাধারী। তাছাড়া ২০১৭ সাল থেকে তিনি সেনেগাল দলের সঙ্গে আছেন এবং এর আগে তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকান কাপ অব ন্যাশনসে (অ্যাফকন) দলের ডাক্তার হিসেবে সফলভাবে কাজ করেছেন। উল্লেখ্য, নকআউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকে সেনেগাল। তবে শেষ ৫ মিনিটে গোল খেয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছেও হারে দলটি। এই ভরাডুবির পর গত শনিবার কোচ পাপে থিয়াওকেও বরখাস্ত করে ফেডারেশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন