নেদারল্যান্ডসের অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল রেফারি রব ডিপেরিঙ্ক ৩৮ বছর বয়সে মারা গেছেন। গত সোমবার ডাচ্ ফুটবল এসোসিয়েশন এক শোকবার্তায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম ‘দে টেলেগ্রাফ’ এর প্রতিবেদন অনুযায়ী, ডাচ্ পুলিশ তার মৃত্যুর ঘটনায় বাইরের কোনো হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বোরকোলু শহরে নিজ বাসভবন থেকে রবের মরদেহ উদ্ধার করা হয়।
২০১১-১২ মৌসুম দিয়ে রব ডিপেরিঙ্ক পেশাদার ফুটবল রেফারি হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৭ সাল থেকে ডাচ্ লীগ ‘এরেদিভিসি’-তে ম্যাচ পরিচালনা করেছেন। ইউরো ২০২৪ এবং ২০২৪ সালের ইউরোপা লীগ ফাইনালে তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য নির্বাচিত এই রেফারিকে ঘিরে চলতি বছরের এপ্রিলে লন্ডনে একটি অনাকাঙ্ক্িষত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্টিনার মধ্যকার ইউরোপা কনফারেন্স লীগের ম্যাচ চলাকালীন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। একজন কিশোরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়। তবে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দেয়।
এই ঘটনার পরপরই ফিফা তাকে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল তালিকা থেকে বাদ দেয়। তখন ডাচ সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডিপেরিঙ্ক তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। তিনি বলেন, ‘আমি শুরু থেকেই পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবির কাছে স্বচ্ছ ছিলাম। মিথ্যা অভিযোগে আমার ক্যারিয়ার ও বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।’ রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে রব ডিপেরিঙ্ককে একজন ‘শীর্ষমানের রেফারি’ এবং ‘নিবেদিতপ্রাণ সহকর্মী’ হিসেবে বর্ণনা করেছে। ক্যারিয়ারে মোট ২৮৪টি পেশাদার ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
