আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে টিকিটের দাম আকাশচুম্বী

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে টিকিটের দাম আকাশচুম্বী

ফন্ট সাইজ:

আটলান্টায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনার শেষ নেই। একে তো সেমিফাইনাল, তার ওপর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই-সব মিলিয়ে এটি কেবল একটি ম্যাচ নয়, বরং ঐতিহ্যের এক যুদ্ধ। এর প্রভাব পড়েছে টিকিটের বাজারে। ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে সবচেয়ে সস্তা ‘ক্যাটাগরি ৩’ টিকিটের দাম ২ হাজার ৬০০ ডলার (প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা) ছাড়িয়ে গেছে। ভিআইপি ও প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের মূল্য চাওয়া হচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত!

ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালের সঙ্গে তুলনা করলে এই টিকিটের দাম যেন আকাশ-পাতাল ব্যবধান। ফ্রান্স-স্পেন ম্যাচের সর্বনিম্ন টিকিট ১ হাজার ৩০০ ডলারে পাওয়া গেলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য সমর্থকদের গুণতে হচ্ছে এর দ্বিগুণেরও বেশি। অথচ এই টুর্নামেন্টেরই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিট ছিল আসরের অন্যতম সস্তা, যার সর্বনিম্ন দাম ছিল মাত্র ৮০০ ডলার।

বিশ্বকাপে টিকিটের কালোবাজারি রোধের দোহাই দিলেও এবার ফিফা এটিকে ‘অফিশিয়াল রিসেল’ হিসেবে বৈধতা দিয়ে আয় বাড়িয়েছে কয়েক গুণ। যুক্তরাষ্ট্রের এনবিএ বা এমএলএস লীগের আদলে টিকিট পুনর্বিক্রয়ের এই মডেলটি ফিফার জন্য সোনার ডিম পাড়া হাঁসে পরিণত হয়েছে। কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপে টিকিটের এই রিসেল মার্কেট থেকে ফিফার আয় ছাড়িয়েছে তিন বিলিয়ন ডলার। যা আগের আসরের তুলনায় প্রায় তিন গুণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন