মৌলভীবাজারে বন্যার্তদের পাশে মানবিক সহায়তায় পুলিশ

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে মানবিক সহায়তায় পুলিশ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে অসহায় বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো পুলিশ। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনুনদীর তীরবর্তী একা মধুপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেট রেঞ্জ অফিসের পক্ষ থেকে বিশেষ মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় বন্যাকবলিত শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি, বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এ সময় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য আয়োজন কর হয় একটি বিশেষ মেডিকেল ক্যাম্প।

ত্রাণ বিতরণকালে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, ‘আকস্মিক বন্যায় এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাংলাদেশ পুলিশ আইনি সহায়তার পাশাপাশি সবসময় যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে পাশে ছিল এবং থাকবে। সরকারের পাশাপাশি রেঞ্জ পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস বন্যা কবলিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।’

অনুষ্ঠানে বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ,প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এই ক্যাম্পটি বন্যা দুর্গতদের সহায়ক হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক,পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম,পুলিশ সুপার আমিনুল ইসলাম মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অবস) নভেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন