নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করা হয়, সেসব প্রতিষ্ঠানে নারী মরদেহের পোস্টমর্টেমের জন্য অন্তত একজন করে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, এর আগে দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে একজন করে নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করা হয়েছিল। তবে ওই আবেদনের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আরও বলা হয়েছে, বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে নারীর মরদেহের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্ভ্রম রক্ষা নিশ্চিত করা প্রয়োজন। ময়নাতদন্ত একটি আইনি ও চিকিৎসা বিষয়ক প্রক্রিয়া হলেও নারী মরদেহের ক্ষেত্রে নারী ডোম নিয়োগ করা হলে ধর্মীয় সংবেদনশীলতা, পারিবারিক স্বস্তি এবং মরদেহের প্রতি সম্মান রক্ষা আরও নিশ্চিত হবে।
আবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার পরিবার এমনিতেই গভীর মানসিক আঘাতের মধ্যে থাকে। এ অবস্থায় নারী ডোমের মাধ্যমে পোস্টমর্টেম সম্পন্ন হলে স্বজনদের মধ্যে মানসিক স্বস্তি তৈরি হতে পারে। পাশাপাশি বর্তমান সময়ে নারীরা বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সে বিবেচনায় ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ সময়োপযোগী উদ্যোগ হতে পারে। রিটে মানবাধিকার সনদের আলোকে মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অতীতে দেশের কয়েকটি মর্গে নারী মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগে ডোমদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২২শে অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পোস্টমর্টেমের জন্য রাখা এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২০ সালের ২০শে নভেম্বর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও একই ধরনের অভিযোগে আরেক ডোমকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া বিদেশের একটি বহুল আলোচিত ঘটনাও রিটে উল্লেখ করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক সাবেক মর্গকর্মী বহু নারী মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের কথা স্বীকার করেছিলেন। এসব ঘটনা বিবেচনায় দেশের সব পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালে অন্তত একজন করে নারী ডোম নিয়োগ এবং নারী মরদেহের সম্ভ্রম ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন