শাহরাস্তিতে বিউটি পার্লার পরিচালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (প্রায় ৩৩) নামে এক সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী স্থানীয় একটি বিউটি পার্লারের পরিচালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শাহরাস্তি পৌর এলাকার দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর পাশে নিউ লাইফ হাসপাতালের পঞ্চমতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউপি’র বাংলাইস গ্রামের বাসিন্দা। তিনি নজরুল ইসলাম ও ফিরোজা বেগম দম্পতির কন্যা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে আরও জানা যায়, স্বপ্না উপজেলার খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথমে ওমর ফারুকের সঙ্গে তার বিয়ে হয়। ওই সংসারে তাদের ২টি সন্তান রয়েছে। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। সে ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। সর্বশেষ একই ইউপি’র কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল। এ সংসারে তাদের কোনো সন্তান ছিল না।
স্থানীয় সূত্র জানায়, মাত্র চার দিন আগে তিনি পৌর শহরের দোয়াভাঙ্গা নিউ লাইফ হাসপাতালের পঞ্চমতলায় দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় ওঠেন। বাসার মালিক মেহেদী হাসান জানান, প্রবাসী রাসেল চৌধুরী রাজু তার পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তার শিশু সন্তানরা কান্নাকাটি করতে করতে নিচে নেমে এলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বাসায় গিয়ে স্বপ্নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন