আলমারিতে বিষাক্ত সাপ দংশনে গৃহবধূর মৃত্যু

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের দংশনে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো রান্নার কাজ করছিলেন শাহানাজ। এ সময় আলমারি থেকে পিয়াজ নিতে হাত দিলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে দুপুর আড়াইটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত সাপের দংশনে আক্রান্ত অবস্থায় শাহানাজকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলাকালে বিকালে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন