সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে বৃষ্টি উপেক্ষা করেও সিলেট সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রয়েছে। সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকাসহ মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাগরদিঘীর পাড়ে নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক এবং সড়কবাতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নগরীর যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ অবকাঠামো, আলোকসজ্জা এবং জনবান্ধব নগর পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সাগরদিঘীর পাড়ে নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতি স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করবে। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালেহ আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব কুমার দে, সৈয়দ আলী রেজা সাচ্চু, মাজহারুল ইসলাম মেনন, খন্দকার মাহবুব রব, সানাউল হক সানা, পারভেজ আহমদ, শামীম রেজা, মাহফুজ, সুমন সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
