যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। যত দ্রুত সম্ভব এই প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনরায় নিশ্চিত করা উচিত সব পক্ষের স্বার্থে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি যথাযথভাবে পরিচালনা করা উচিত। এ খবর দিয়েছে আনাদোলু। সোমবার যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নতুন করে একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাতে জানা গেছে, দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং প্রতিবেশী ওমানে অবস্থিত রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে আক্রমণাত্মক সামরিক অভিযানের একটি নতুন ধাপ সম্পন্ন করেছে। এই অভিযানে ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা যায়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের এই নতুন দাবি সামনে এসেছে।
উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর লক্ষ্য ছিল দুই দেশের সামরিক সংঘাতের অবসান ঘটানো এবং একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে অগ্রসর হওয়া। তবে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে হওয়া সেই সমঝোতা স্মারক আর কার্যকর নেই।
