কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে একবারও পিছিয়ে পড়েনি। একইভাবে কিশোর তারকা লামিন ইয়ামাল এবং গুরুত্বপূর্ণ সময়ে গোল করা বদলি খেলোয়াড় মিকেল মেরিনোকে নিয়ে স্পেনও কোনো ম্যাচে পিছিয়ে পড়েনি। তবে এই দুই দলের মধ্যে কেবল একটিই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারবে। দুই দলই নিজেদের ১৭তম বিশ্বকাপ খেলছে। ফুটবলের সবচেয়ে বড় আসরে এর আগে মাত্র একবারই তাদের মুখোমুখি দেখা হয়েছে।
মঙ্গলবার এনএফএলের ডালাস কাউবয়েজের হোম ভেন্যু এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফ্রান্স এ পর্যন্ত প্রতিপক্ষকে ১৪-২ গোলে হারিয়েছে। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে এবারও ৮ গোল করে লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিশ্বকাপে ক্যারিয়ারে মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র একটি গোল প্রয়োজন। ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও বলেন, এ পর্যন্ত আমাদের যাত্রা যেভাবে এগিয়েছে, তাতে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী। তবে প্রতিযোগিতার শুরু থেকেই যে বিনয় আমাদের পরিচয় হয়ে আছে, সেটিও ধরে রাখতে হবে। এ খবর দিয়ে ফ্রান্স ও স্পেন দলের পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
২৭ বছর বয়সী এমবাপ্পে বিশ্বকাপে ২০ ম্যাচে ২০ গোল করেছেন। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে গোল করে তিনি ব্রাজিল কিংবদন্তি পেলের পর দ্বিতীয় কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েছিলেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করার পর ৭৭ মিনিটে মাঠ ছাড়লেও এমবাপ্পে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। অন্যদিকে সোমবার ১৯ বছরে পা রাখা লামিন ইয়ামাল এরই মধ্যে স্পেনের হয়ে ফ্রান্সের বিপক্ষে দুটি সেমিফাইনাল জয়ের অংশ ছিলেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ১৭তম জন্মদিনের কয়েক দিন আগে তিনি গোল করে স্পেনকে ২-১ ব্যবধানে জিতিয়েছিলেন। গত বছর নেশনস লিগেও স্পেন ৫-৪ ব্যবধানে ফ্রান্সকে হারায়।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর ইয়ামাল বলেন, আমার মতে, যদি ফ্রান্স কাউকে ভয় পায়, তাহলে আমাদেরই ভয় পাওয়া উচিত। কারণ আগেও আমরাই তাদের বিদায় করেছি। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি না সারলেও ইয়ামাল এই বিশ্বকাপে একটি গোল করেছেন এবং তার ১০টি শট লক্ষ্যভেদ করেছে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ কয়েক সপ্তাহ তিনি খেলতে পারেননি। সোমবার তিনি বলেন, এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। জন্মদিনের সেরা উপহার হবে জয় এবং ফাইনালে ওঠা। আমরা সবাই খুবই রোমাঞ্চিত, বিশেষ করে আমি।
ফ্রান্সের ডিফেন্ডার জুল কুন্দেও বার্সেলোনার খেলোয়াড়। তাই ইয়ামালকে তিনি ভালোভাবেই চেনেন এবং তার মন্তব্যকে অসম্মানজনক মনে করেননি।
কুন্দে বলেন, বার্সেলোনাতেও সে সব সময় এমন আত্মবিশ্বাসী। নিজের এবং দলের সামর্থ্যের ওপর তার অগাধ বিশ্বাস আছে। এটা তার জন্য অতিরিক্ত অনুপ্রেরণা, এর বেশি কিছু নয়।
গ্রুপ পর্বে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর থেকে স্পেন প্রতিপক্ষকে ১০-১ গোলে হারিয়েছে। তবে শেষ দুটি ম্যাচেই বদলি হিসেবে নেমে শেষ সময়ে জয়সূচক গোল করেছেন মিকেল মেরিনো। এদিকে গোলরক্ষক উনাই সিমোন বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ৪১তম মিনিট পর্যন্ত টানা ৬৫০ মিনিট কোনো গোল না খেয়ে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়েন। স্পেনের মিডফিল্ডার আলেক্স বায়েনা বলেন, প্রথম ম্যাচ থেকে আজ পর্যন্ত আমাদের ছন্দ ফিরে পেতে সময় লেগেছে। আমরা অনেক দিন একসঙ্গে খেলিনি। তবে যত ম্যাচ ও অনুশীলন হয়েছে, দল ততই উন্নতি করেছে। শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে ২-১ জয়ের ম্যাচে ৮৮তম মিনিটে গোল করেন মেরিনো। এর আগে একই স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতেছিল স্পেন।
চার সেমিফাইনালিস্টই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন
১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ চার দলে জায়গা করে নিয়েছে শুধুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অন্য সেমিফাইনালে বুধবার আটলান্টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল। আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে, নিউইয়র্ক সিটির পাশেই হবে ফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে শনিবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে।
বিশ্বকাপে শেষ দেখার পর দুই দলই জিতেছে শিরোপা
বিশ্বকাপে দুই দলের একমাত্র আগে সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে। শেষ ষোলোর সেই ম্যাচে ফ্রান্স ৩-১ ব্যবধানে স্পেনকে হারিয়েছিল। এরপর দুই দলই বিশ্বকাপ জিতেছে। স্পেন ২০১০ সালে প্রথম এবং একমাত্র শিরোপা জেতে। আর ফ্রান্স ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। নিজেদের জাতীয় দিবস বাস্তিল দিবসে মাঠে নামা ফ্রান্স টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়তে চায়। এর আগে এই কীর্তি আছে কেবল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। ব্রাজিল ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২- টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তারা দুটি শিরোপা জিতলেও মাঝের ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায়। জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) ১৯৮২ ও ১৯৮৬ সালে রানার্সআপ হওয়ার পর ১৯৯০ সালে চ্যাম্পিয়ন হয়। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ৩-৩ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা।
এটি ফ্রান্সের সপ্তম বিশ্বকাপ সেমিফাইনাল এবং গত আটটি বিশ্বকাপের মধ্যে পঞ্চম। অন্যদিকে স্পেন এর আগে কেবল ১৯৫০ এবং ২০১০ সালে সেমিফাইনাল খেলেছিল। ২০১০ সালেই তারা শিরোপা জেতে।
ডালাসে শেষ অধ্যায়
উত্তর টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ নবম ম্যাচ হতে যাচ্ছে। এক মাসব্যাপী টুর্নামেন্টে এই স্টেডিয়ামে ফুটবলের বহু সুপারস্টারের স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে দর্শকরা। এর আগে এই ভেন্যুতে সুপার বোল এবং এনসিএএ চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি মিস করার পরও দুটি গোল করেন লিওনেল মেসি। সেই ম্যাচেই তিনি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন এবং আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয় পায়। পরে ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও বদলি হিসেবে নেমে একটি গোল করেন তিনি। অন্যদিকে ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ১-০ ব্যবধানে হারের মাধ্যমে নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপের ইতি টানেন।
