গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে নেতাদের নিয়ে আত্মসমর্পণের কথা বলেন শেখ হাসিনা।
তার এই মন্তব্যের প্রেক্ষিতে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেয়ার কিছু নেই। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাঙ্গা করতে এমন রাজনৈতিক চালবাজি করছেন বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, আসামি যদি আত্মসমর্পণ না করে বিদেশে বসে বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি উনি (শেখ হাসিনা) রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদের জাগ্রত-উজ্জীবিত করার জন্য বলছেন। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা একাধিকবার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। কূটনৈতিক চ্যানেলেও এ বিষয়টি বারবার উত্থাপিত হয়েছে। বর্তমান সরকারও হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া (দেশে ফেরানো) শুরু হয়েছে, যেভাবে যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, সেই কূটনীতিতে সেটা চলছে এবং যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে দেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজনÑ সেটাই হবে।
