‘ফ্রান্স দারুণ স্পেনও কম নয়’

‘ফ্রান্স দারুণ স্পেনও কম নয়’

ফন্ট সাইজ:

ফুটবলের এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায় ডালাস। সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স ১ ও স্পেন ৩ নম্বরে রয়েছে। এই হাইভোল্টেজ ম্যাচটিকে অঘোষিত ফাইনাল হিসেবেই দেখছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মামুনুল ইসলাম। দুই দলের শক্তিকে তিনি সমান সমান দেখছেন না। মামুনুল বলেন, ‘না, সমান-সমান না। ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স অনুযায়ী ফ্রান্সকে এগিয়ে রাখবো। কাগজ কলমে দুই দলই বিশ্বমানের ফুটবল খেলে অভ্যস্ত। তবে চলতি টুর্নামেন্টে দলগুলোর সার্বিক পারফরম্যান্স বিবেচনা করলে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফ্রান্সের দলগত গভীরতা ও বড় ম্যাচ নিয়ন্ত্রণের যে অভিজ্ঞতা, তা তাদেরকে স্পেনের চেয়ে সামান্য সুবিধা দেবে। তবে স্পেনের সামর্থ্যকে ছোট করে দেখার সুযোগ নেই। এবার ফিফা র‌্যাঙ্কিংয়ের ১, ২, ৩, ৪ সেমিফাইনাল খেলছে। এটি ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। এই পর্যায়ের দলগুলোর মধ্যে কৌশলের পার্থক্য খুবই সামান্য।’

মামুনুল ইসলাম বলেন, ‘ফ্রান্সের শক্তির দিক অ্যাটাকিং লাইন। তারা গোলে আছে। তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্ট্রং।’ কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে। এর আগে শেষ ৩২-এ সুইডেনকে ৩-০ এবং শেষ ১৬-তে প্যারাগুয়েকে হারিয়েছে তারা। দুইবারের বিশ্বকাপ জয়ী দলটির অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা তাদের বড় ভরসা। মামুনুল বলেন, ‘তাদের (ফ্রান্স) কোনো দুর্বলতা এখনো স্পষ্টভাবে চোখে পড়েনি। তবে স্পেনের বিপক্ষে লড়াইয়ে ফরাসিদের আসল রূপটি ফুটে উঠবে। রক্ষণ ও আক্রমণের ভারসাম্য বজায় রেখে তারা ফাইনালে যাওয়ার লড়াই করবে। প্রায় সমশক্তির দলের বিপক্ষে তাদের বিশেষ কোনো দুর্বলতা বোঝা যায়।’

অন্যদিকে স্পেনের শক্তির উৎস তাদের ছন্দময় টিকি-টাকা পাসিং ফুটবল। মাঝমাঠের দখল নিয়ে তারা প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে। মামুনুল ইসলাম বলেন, ‘স্পেনের সামর্থ্য অসাধারণ। তাদের সক্ষমতা হলো মিডফিল্ড আর দুই উইঙ্গারÑ নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল। এই দুই সাইড থেকেই স্পেন যেকোনো কিছু করতে পারে।’ বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে আসা স্পেন আত্মবিশ্বাসী। অস্ট্রিয়াকে ৩-০ ও পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে তাদের পথচলা ছিল বেশ দাপুটে। চ্যাম্পিয়ন দলটি এবার নতুন শিরোপার স্বপ্ন দেখছে। তাদের নাম্বার নাইন পজিশনে কিছুটা ঘাটতি থাকলেও মিডফিল্ডের গভীরতা তা পুষিয়ে দিচ্ছে। ইয়ামাল ও নিকো উইলিয়ামসের গতি ফ্রান্সের রক্ষণভাগকে সমস্যায় ফেলতে পারে, বলেছেন মামুনুল।

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ফ্যাক্টর নিয়ে চলছে আলোচনা। ফ্রান্সের এই মহাতারকাকে সামলানোই স্পেনের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়াও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও কম নয়। মামুনুল এমবাপ্পেকে নিয়ে বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে এমবাপ্পে অনেক এগিয়ে। বিশ্বমঞ্চে নিজের কার্যকারিতা তিনি বারবার প্রমাণ করেছেন। তার বিস্ফোরক গতি, ওয়ান-অন-ওয়ান ড্রিবলিং এবং গোল করার নিখুঁত দক্ষতা ফ্রান্সের আক্রমণের মূল চালিকাশক্তি। এই বড় ম্যাচে ফ্রান্সের পারফরম্যান্স অনেকটাই তার একক দক্ষতার ওপর নির্ভর করবে। ১৩ই জুলাই ইয়ামালের ১৯তম জন্মদিন। এরই মধ্যে স্পেনের বড় অস্ত্র হয়ে উঠেছেন। টুর্নামেন্টে তার ক্রসিং, চতুর ড্রিবলিং এবং অ্যাসিস্ট করার ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য আতঙ্কের কারণ। তার পাসিং সেন্স অসাধারণ।’

এমবাপ্পেকে নিয়ে স্পেন আটকাতে পারবে? মামুনুল বলেন ‘এটি নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির ওপর। দেখতে হবে ম্যাচের ডুয়েল কেমন হয়।’ অন্যদিকে এর আগে বিশ্বকাপ মঞ্চে ফ্রান্স ৩-১ গোলে স্পেনকে হারিয়েছিল। পরিসংখ্যান ফরাসিদের পক্ষে থাকলেও আধুনিক স্প্যানিশ দল ভিন্ন ধাঁচের। মিডফিল্ডের লড়াইয়ে যারা জয়ী হবে, তারাই ম্যাচটির নিয়ন্ত্রণ নেবে এমনটাই বলেছেন মামুনুল। দুই দলই শিরোপার দাবিদার। মামুনুল ইসলাম, বলেন, ‘এটা অঘোষিত ফাইনাল হবে। দর্শকরা ফাইনালের আগেই আরেকটি ফাইনাল দেখতে পাবেন বলেই আমি মনে করি।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন