দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দারুণ প্রত্যাবর্তন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৭ রান তুলে শক্তিশালী সফরকারীদের ২-১ ব্যবধানে হারাতে সবচেয়ে বড় ভূমিকা রেখে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। এ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন মোসাদ্দেক। যেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের নাথান স্মিথ এবং ভারতের শুবমান গিল। তবে এমন সংবাদের পরও জিম্বাবুয়েতে নিজের দুটি ম্যাচের ব্যর্থতার কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। মোসাদ্দেক বলেন, ‘কামব্যাক করার পর একটা সিরিজ ভালো গেলেও পরের ২টি ম্যাচে খুব ভালো করতে পারি নাই।
ওইখান থেকে নিজের প্রতি এক্সপেক্টেশনস আরও বেশি যে আরও ভালো খেলতে হবে।’ সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। হারারে থেকে কন্ডিশন একটু আলাদা হলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে মোসাদ্দেক বেশ আশাবাদী। বিশেষ করে এই সিরিজেও নিজের সেরা ছন্দ ধরে রেখে দলের জয়ে ভূমিকা রাখতে মরিয়া হয়ে আছেন এই ডানহাতি ক্রিকেটার। গতকাল গণমাধ্যমকে বলেন, ‘টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী খেলতে হবে এবং টিমকে জেতাতে হবে।’ এছাড়াও কন্ডিশন ও সেখানকার আবহাওয়া মাথায় রেখেই তৈরি হচ্ছে টিম বাংলাদেশ বলে জানিয়েছেন মোসাদ্দেক। নতুন ভেন্যুর বাতাস ও ভিন্ন কন্ডিশন প্রসঙ্গে গতকাল নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘হারারে থেকে বুলাওয়েতে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে। অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। নিজের লক্ষ্য থাকবে যখনই সুযোগ পাব ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করব নিজের ইমপ্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে।’ ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে প্রাধান্য বলে জানান তিনি। দলের যেকোনো সংকটে নিজের ভূমিকা রাখতে চান মোসাদ্দেক, তিনি বলেন, ‘সবসময় সেটাই লক্ষ্য থাকে এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই যে টিমকে জেতানো এবং টিমের যখন যে রিকোয়ারমেন্ট দরকার, ওই সময়টাতে যেন আমি নিজেকে মেলে ধরতে পারি।’
