মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি সমঝোতা ভঙ্গ করেছে।
সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরাই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের (ইরানের) কিছুই নেই। তাদের হাতে আর কিছু অবশিষ্ট নেই।
তিনি আরও দাবি করেন, গত রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে, যাতে দেশটির সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ট্রাম্পের ভাষায়, আমরা তাদের পুরোপুরি চাপে রেখেছি। তাদের অধিকাংশ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর কার্যকর নেই।
অন্যদিকে, বৃটেনে অবস্থিত ইরানের দূতাবাস সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রযুক্তিগত ও সামরিক বাধামুক্ত একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করা হয়েছে।
তবে তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে’ পরিণত হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
ফলে এ অঞ্চলের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
